বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ১৫১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটিতে রেজাউল কবীর পলকে সিনিয়র সহসভাপতি করা হয়েছে। এছাড়া একাধিক সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিল্লাল হোসেন তারেক। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মোহাম্মদ কামরুজ্জামান, মনিরুল ইসলাম সোহাগ, আবু আতিক আল হাসান মিন্টুসহ আরও অনেকে। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. কামরুজ্জামান জুয়েল, এমএ গাফফার, আশরাফ ফারুকী হীরা, মিজানুর রহমান সুমন এবং অন্য নেতারা।
এছাড়া প্রচার, সাহিত্য ও প্রকাশনা, তথ্য ও গবেষণা, আইন, কৃষি, সমাজকল্যাণ, শ্রম, শিল্প, ক্রীড়া, স্বাস্থ্য, আন্তর্জাতিক, মানবাধিকার, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি, প্রশিক্ষণ ও পাঠাগারসহ বিভিন্ন বিষয়ে সম্পাদক ও সহ-সম্পাদকদের নামও ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সৌদি আরবে অবস্থানরত কয়েকজন নেতাকেও বিভিন্ন পদে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সংগঠনের আন্তর্জাতিক যোগাযোগ আরও জোরদার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
যুবদলের নতুন এই কেন্দ্রীয় কমিটি আগামী দিনে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে বলে দলীয় সূত্রে আশা প্রকাশ করা হয়েছে।

