বিশ্বকাপের প্রস্তুতি পর্বে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে বেসক্যাম্প শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে নিয়ে এখনও রয়েছে শঙ্কা। সাম্প্রতিক চোটের কারণে আসন্ন দুটি প্রীতি ম্যাচে তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। চোটের পর তিনি এখনো পুনর্বাসনে আছেন, তবে অনুশীলনও চালিয়ে যাচ্ছেন একাকী।
বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন মেসি। দলের ফিজিওথেরাপিস্ট লুইস গার্সিয়া ও ফিটনেস কোচ লুইস মার্টিনের তত্ত্বাবধানে আলাদা কর্মসূচি অনুসরণ করছেন তিনি।
গত ২৪ মে ইন্টার মায়ামির হয়ে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান আর্জেন্টাইন অধিনায়ক। এরপর থেকে তাকে সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণে রাখা হয়েছে। যদিও অনুশীলনে মেসিকে বেশ স্বাভাবিক দেখাচ্ছে, তবুও তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নয় কোচিং স্টাফ।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এক বিবৃতিতে জানিয়েছে, ছোটখাটো চোট ও শারীরিক সমস্যায় ভোগা খেলোয়াড়দের জন্য বিশেষ পুনর্বাসন কর্মসূচি চালানো হচ্ছে। ফিজিওথেরাপি দলের তত্ত্বাবধানে তারা নির্ধারিত ব্যায়াম ও ফিটনেস কার্যক্রম সম্পন্ন করছেন এবং তাদের শারীরিক অবস্থার উন্নতি সন্তোষজনক।
বিশ্বকাপের আগে মেসির শারীরিক অবস্থা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। তাই প্রীতি ম্যাচগুলোতে তাকে মাঠে নামানো হবে কি না, সে সিদ্ধান্ত নেওয়া হবে তার পূর্ণাঙ্গ ফিটনেস বিবেচনা করেই।

