মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

হাদি হত্যা নিয়ে বক্তব্য ঘিরে মমতার বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশের একটি হত্যাকাণ্ড এবং এক অপরাধীর মেঘালয় সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ সংক্রান্ত মন্তব্যের জেরে আইনি বিপাকে পড়েছেন ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উসকানিমূলক বক্তব্য ও ভারত-বাংলাদেশ সম্পর্কে উত্তেজনা ছড়ানোর অভিযোগে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন আইনজীবী রিঙ্কি সিং চট্টোপাধ্যায়।

মামলার বিবরণী অনুযায়ী, গত ২ জুন কলকাতার রাসমণি রোডের এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বাংলাদেশ থেকে পালিয়ে আসা এক ‘বড় খুনি’ মেঘালয় হয়ে পশ্চিমবঙ্গে ঢোকার পর রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) তাকে গ্রেপ্তার করে। তিনি আরও ইঙ্গিত দেন যে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং বিষয়টি চেপে রাখতে বলেছিলেন।

অভিযোগকারীর দাবি, মুখ্যমন্ত্রী পদে থেকে এই ধরণের রাষ্ট্রীয় ও প্রশাসনিক গোপনীয় তথ্য রাজনৈতিক সভায় প্রকাশ করা দেশের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এছাড়া এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে এবং দুই প্রতিবেশী দেশের সম্পর্কে ফাটল ধরাতে পারে। এই ঘটনার প্রেক্ষিতে ভারতীয় দণ্ডবিধির ১৫২, ১৫৩, ১৫৩এ, ১৯১, ১৯২, ১৯৬, ৩৫১ এবং ৩৫২ ধারায় (দাঙ্গায় উসকানি, বিদ্বেষ ছড়ানো ও শান্তিভঙ্গের চেষ্টা) মামলা রুজু করা হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন