মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

ইরানের আর হামলা চালাবে না যুক্তরাষ্ট্র: রুবিও

ডেস্ক রিপোর্ট।।

ইরানের অভ্যন্তরে পরিচালিত দীর্ঘমেয়াদি সামরিক অভিযান বন্ধ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ‘অপারেশন এপিক ফিউরি’ নামে পরিচালিত অভিযানের প্রধান লক্ষ্য অর্জিত হওয়ায় বর্তমানে ইরানের বিরুদ্ধে ধারাবাহিক সামরিক হামলা চালানো হচ্ছে না।

বুধবার মার্কিন আইনপ্রণেতাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে রুবিও বলেন, কয়েক মাসব্যাপী অভিযানে ইরানের প্রতিরক্ষা শিল্প অবকাঠামোর উল্লেখযোগ্য অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে দেশটির ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতা ও ড্রোন মজুতও ব্যাপকভাবে কমিয়ে আনা সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি।

রুবিওর এ বক্তব্য এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। যদিও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা এখনও উদ্বেগের কারণ হয়ে আছে।

সাম্প্রতিক উত্তেজনার অংশ হিসেবে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ড্রোন হামলার ঘটনা আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। ওই হামলায় বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়, একজন ভারতীয় নাগরিক নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। ঘটনার পর সাময়িকভাবে বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ রাখা হয়।

চলতি বছরের শুরু থেকে চলমান সংঘাত ইতোমধ্যে বিশ্ব জ্বালানি বাজারে প্রভাব ফেলেছে। বিশেষ করে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী ঘিরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। ইরান এখনও ওই অঞ্চলে সামরিক উপস্থিতি বজায় রেখেছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র দেশটির বিভিন্ন সমুদ্রবন্দর ও বাণিজ্যিক খাতের ওপর কঠোর নিষেধাজ্ঞা বহাল রেখেছে।

এদিকে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার উদ্যোগ অব্যাহত রেখেছেন।

মার্কো রুবিও আরও বলেন, তেহরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ এখনো সক্রিয় রয়েছে এবং ভবিষ্যতে কোনো সমঝোতা হলে তা অতীতের চুক্তিগুলোর তুলনায় আরও কঠোর ও কার্যকর হবে।

২০১৫ সালের পারমাণবিক চুক্তি (জেসিপিওএ) প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এমন কোনো চুক্তিতে যাবে না যা দেশটির নিরাপত্তা স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক। প্রয়োজন হলে আরও শক্তিশালী ও দীর্ঘমেয়াদি কাঠামোর ভিত্তিতে নতুন সমঝোতার পথ খোঁজা হবে।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন