সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের জবাব দিয়েছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। ভিডিওতে শোনা যাওয়া একটি অস্বাভাবিক শব্দ নিয়ে নানা জল্পনা-কল্পনার পর অবশেষে বিষয়টি পরিষ্কার করেছেন তিনি।
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপা জয়ের মুহূর্ত উদযাপন করে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছিলেন নুসরাত। তবে ভিডিওতে শোনা যাওয়া একটি শব্দ নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা আলোচনা ও বিতর্ক।
বৃহস্পতিবার ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী জানান, বিতর্কিত বলে উল্লেখ করা সেই শব্দ কোনো রহস্যময় উৎসের নয়; বরং সেটি ছিল একটি কুকুরছানার কান্নার শব্দ।
নুসরাত বলেন, “আমি আমার এক বন্ধুর বাসায় বসে ম্যাচ দেখছিলাম। সেখানে তাদের একটি ছোট কুকুরছানা ছিল, যে কাঁদছিল। ভিডিওতে যে শব্দ শোনা গেছে, সেটি আসলে সেই কুকুরছানারই শব্দ।”
বিষয়টি স্পষ্ট করতে তিনি একটি নতুন ভিডিওও শেয়ার করেন, যেখানে ওই কুকুরছানাকে দেখা যায়। অভিনেত্রীর দাবি, অনেকেই যাচাই-বাছাই না করেই নানা ধরনের মন্তব্য করতে শুরু করেছিলেন, যার কারণে তিনি আগের ভিডিওটি মুছে ফেলতে বাধ্য হন।
নুসরাত আরও বলেন, “মানুষ নিজেদের মতো করে অনুমান করে আমাকে ভিডিওটি সরিয়ে ফেলতে বলেছিল। আমি সেটি মুছেও দিয়েছি। এখন দয়া করে ভুল ধারণা ছড়ানো বন্ধ করুন।”
একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। তার ভাষায়, “হাতে মোবাইল ফোন থাকলেই কাউকে হয়রানি করার অধিকার পাওয়া যায় না। কোনো কিছু সম্পর্কে নিশ্চিত না হয়ে ভুল ব্যাখ্যা দেওয়া বা অন্ধভাবে অন্যের কথা অনুসরণ করা উচিত নয়।”
উল্লেখ্য, নুসরাত ভারুচাকে সর্বশেষ দেখা গেছে ‘উফ ইয়ে সিয়াপ্পা’ চলচ্চিত্রে। ছবিটিতে তার সহশিল্পী ছিলেন অভিনেতা সোহম শাহ।

