রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

টেইটের অনুপস্থিতিতে বাংলাদেশের বোলিং কোচ তালহা জুবায়ের

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে চলমান অনিশ্চয়তার মধ্যেই আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের জন্য নতুন দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেইটের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক জাতীয় ক্রিকেটার তালহা জুবায়ের।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুধু অস্ট্রেলিয়া সিরিজ নয়, পরবর্তী সময়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও বোলিং কোচের দায়িত্বে থাকতে পারেন তালহা। স্থায়ীভাবে নতুন কাউকে নিয়োগ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

কয়েকদিন ধরেই শন টেইটের বাংলাদেশ দলের সঙ্গে ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছিল। জানা গেছে, সাবেক অস্ট্রেলিয়ান গতিতারকা ভারতে বেঙ্গল ক্রিকেট দলের কোচিং স্টাফে যোগ দিতে আগ্রহী এবং এ বিষয়ে ইতোমধ্যে সাক্ষাৎকারও দিয়েছেন। পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশ দলের সঙ্গে দীর্ঘমেয়াদে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে অনাগ্রহ প্রকাশ করেছেন তিনি।

যদিও টেইটের সঙ্গে বিসিবির চুক্তি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত কার্যকর রয়েছে, তবুও তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে বিকল্প পরিকল্পনা হিসেবে তালহা জুবায়েরকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে আগামী ৯ জুন থেকে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। দুই দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে ৯, ১১ ও ১৪ জুন ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৭, ১৯ ও ২১ জুন বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

আসন্ন এই সিরিজকে সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতির গুরুত্বপূর্ণ সময়ে কোচিং স্টাফে পরিবর্তন ক্রিকেটাঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন