মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

ভারতে ১৫ মসজিদ সিলগালা করলো বিজেপি

ডেস্ক রিপোর্ট।।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের রাজধানী অঞ্চলে অনুমোদনহীনভাবে নির্মিত ১৫টি মসজিদ সিলগালা করেছে রাজ্য প্রশাসন। স্থানীয় আদিবাসী যুব সংগঠন অরুণাচল প্রদেশ ইন্ডিজেনাস ইয়ুথ অর্গানাইজেশন বা এপিআইওয়াইও-এর দীর্ঘদিনের দাবির পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-এর প্রতিবেদনে বলা হয়, রাজধানী কমপ্লেক্স এলাকায় প্রয়োজনীয় সরকারি অনুমতি ছাড়া নির্মিত ধর্মীয় স্থাপনাগুলোর বিরুদ্ধে তদন্ত চালিয়ে এসব মসজিদ শনাক্ত করা হয়।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে রাজ্যের শিক্ষামন্ত্রী পিডি সোনা জানান, চলতি বছরের জানুয়ারিতে এপিআইওয়াইও প্রতিনিধিদের সঙ্গে মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু-এর বৈঠকের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। পরে জেলা প্রশাসনকে অনুমোদনবিহীন ধর্মীয় স্থাপনার তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়।

সরকারি জরিপে মোট ১৫টি অননুমোদিত মসজিদ চিহ্নিত হওয়ার পর আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রথমে ১২টি এবং পরবর্তীতে বাকি ৩টি মসজিদ সিলগালা করা হয় বলে জানান মন্ত্রী।

এদিকে এপিআইওয়াইও দীর্ঘদিন ধরে অবৈধ বসতি স্থাপন, অনুপ্রবেশ এবং স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার সুরক্ষার দাবি জানিয়ে আসছিল। সংগঠনটি সম্প্রতি এ দাবিতে প্রতীকী বন্ধ কর্মসূচিও পালন করে।

রাজ্য সরকারের দাবি, আন্দোলনকারী সংগঠনের উত্থাপিত বিষয়গুলো প্রশাসনিক ও আইনি কাঠামোর মধ্য দিয়ে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে নতুন করে কোনো অস্থিরতা বা আন্দোলনের প্রয়োজন হবে না বলে আশা করছে প্রশাসন।

অন্যদিকে, বিষয়টি রাজ্যে অবৈধ অনুপ্রবেশ, জনসংখ্যাগত পরিবর্তন এবং আদিবাসী পরিচয় সংরক্ষণ নিয়ে চলমান বিতর্ককে নতুন করে সামনে এনেছে। কর্মকর্তারা মনে করছেন, সীমান্তবর্তী এই রাজ্যে প্রবেশ নিয়ন্ত্রণ ও পরিচয় যাচাই ব্যবস্থা আরও শক্তিশালী করা প্রয়োজন।

এর আগে মে মাসে মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডুর সভাপতিত্বে ছাত্র সংগঠন, উপজাতীয় প্রতিনিধি, নাগরিক সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সেখানে রাজ্যের বিশেষ প্রবেশাধিকার ব্যবস্থা ‘ইনার লাইন পারমিট (আইএলপি)’ আরও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়।

মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু বলেছেন, স্থানীয় উপজাতীয় জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য, পরিচয় ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। একই সঙ্গে সীমান্ত ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতেও সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

সূত্র: এনডিটিভি

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন