মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে ঘিরে চলমান সংঘাতের বিষয়ে আমি খুব দ্রুত পদক্ষেপ নিচ্ছি। প্রায় ১০০ দিনের কাছাকাছি পৌঁছে যাওয়া এই সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বিশ্বের অনেক সংঘাত বছরের পর বছর ধরে চলতে থাকে, কিন্তু তিনি দায়িত্ব নেওয়ার পর মাত্র তিন মাসের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
ট্রাম্পের ভাষ্য, ইরান ইস্যুতে অগ্রগতি হলেও এখনো কোনো চূড়ান্ত সমঝোতা বা আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়নি। আলোচনার বিভিন্ন পর্যায়ে বেশ কিছু জটিলতা রয়ে গেছে, যা সমাধান করা সহজ নয় বলেও মন্তব্য করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট জানান, ওয়াশিংটন কূটনৈতিক পথ খোলা রাখলেও উভয় পক্ষের মধ্যে মতপার্থক্য এখনো পুরোপুরি দূর হয়নি। ফলে আলোচনায় অগ্রগতি হলেও একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে আরও সময় লাগতে পারে।
বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে সাম্প্রতিক সামরিক ও কূটনৈতিক উত্তেজনার মধ্যে ট্রাম্পের এ মন্তব্য সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে নতুন বার্তা দিয়েছে। তবে বাস্তব অগ্রগতি কতটা হবে, তা নির্ভর করছে ভবিষ্যৎ আলোচনার ফলাফলের ওপর।

