রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

মিউচুয়াল ফান্ড ও মার্জিন ঋণ বিধিমালা বাতিলের দাবি বিনিয়োগকারীদের

ডেস্ক রিপোর্ট।।

শেয়ারবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা এবং বাজারের স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যে মিউচুয়াল ফান্ড বিধিমালা ও মার্জিন ঋণ (মার্জিন রুলস) বিধিমালা পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বিসিএমআইএ)।

শনিবার রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব দাবি তুলে ধরেন। অনুষ্ঠানে বিসিএমআইএর সভাপতি এস এম ইকবাল হোসেন, জ্যেষ্ঠ সহ-সভাপতি ইসমাইল হোসেন এবং যুগ্ম সম্পাদক শামিম ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সম্প্রতি প্রণীত মিউচুয়াল ফান্ড বিধিমালার কিছু ধারা নিয়ে বাজার সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের মতে, বিদ্যমান মেয়াদি মিউচুয়াল ফান্ডগুলোর ভবিষ্যৎ কাঠামো ও পরিচালনা নিয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে, যা বিনিয়োগকারীদের আস্থায় প্রভাব ফেলতে পারে।

বিসিএমআইএর সভাপতি এস এম ইকবাল হোসেন বলেন, নতুন বিধিমালার আওতায় মেয়াদি মিউচুয়াল ফান্ডগুলোর রূপান্তর বা অবসায়নের সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ রয়েছে। তিনি দাবি করেন, এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সব বিনিয়োগকারীর মতামত ও স্বার্থ যথাযথভাবে বিবেচনায় নেওয়া প্রয়োজন।

সংগঠনটির নেতারা মার্জিন ঋণ বিধিমালার কিছু বিধান নিয়েও আপত্তি জানান। তাদের মতে, এসব বিধান বাজারে তারল্য ও বিনিয়োগ কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। ফলে বাজারের বাস্তবতা বিবেচনায় নিয়ে বিধিমালাগুলো পুনর্মূল্যায়ন করা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে শেয়ারবাজারের অতীতের বিভিন্ন অনিয়ম ও নীতিগত সিদ্ধান্তের নিরপেক্ষ তদন্ত, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন, কারসাজি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার দাবিও জানানো হয়।

এছাড়া একীভূত হওয়া কয়েকটি ব্যাংকের শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান সংগঠনটির নেতারা। তারা বলেন, সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য গ্রহণযোগ্য ও ন্যায়সঙ্গত সমাধান নিশ্চিত করা উচিত।

বিসিএমআইএর পক্ষ থেকে নতুন কমিশনের কাছে বাজারের স্থিতিশীলতা, স্বচ্ছতা এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট নীতিমালাগুলো পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন