রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায়ের পর সন্তোষ প্রকাশ করে দ্রুত তা কার্যকরের দাবি জানিয়েছেন নিহত শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা।
রোববার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রামিসার বাবা। তিনি বলেন, “আমরা প্রত্যাশিত রায় পেয়েছি। আদালতের এই সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট। এখন চাই, দ্রুত সময়ের মধ্যে রায় কার্যকর করা হোক।”
তিনি আরও বলেন, বিচার প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে যারা তাদের পরিবারের পাশে ছিলেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। বিচারক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতার কথা উল্লেখ করে ধন্যবাদ জানান তিনি।
আব্দুল হান্নান মোল্লা বলেন, “আমার মেয়ের হত্যার বিচার হয়েছে। এখন আমরা চাই আদালতের দেওয়া রায় দ্রুত বাস্তবায়ন করা হোক।”
উল্লেখ্য, আলোচিত এ মামলার রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়। রায় ঘোষণার পর নিহত শিশুর পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন।

