চুয়াডাঙ্গায় তথ্যের সত্যতা নিশ্চিতকরণ এবং ফ্যাক্ট-চেকিং বিষয়ে সাংবাদিকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুয়াডাঙ্গায় দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) সকাল ১১টায় চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশন সম্মেলন কক্ষে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উদ্যোগে “তথ্যের সত্যতা নিশ্চিতকরণ ও ফ্যাক্ট-চেকিং” শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর যুগে তথ্যের প্রবাহ অত্যন্ত দ্রুত। এ বিপুল তথ্যসমুদ্রে সত্য ও ভুয়া তথ্য শনাক্ত করা একটি বড় চ্যালেঞ্জ। দায়িত্বশীল সাংবাদিকতার জন্য তথ্য যাচাই-বাছাই এবং নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আলোচকরা বলেন, গণমাধ্যমে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের স্বার্থে সাংবাদিকদের ফ্যাক্ট-চেকিং বিষয়ে আরও সচেতন ও দক্ষ হতে হবে। তথ্য যাচাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ বা প্রচার না করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
সেমিনারে চুয়াডাঙ্গার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ৩১ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। এছাড়া খুলনা আঞ্চলিক তথ্য অফিসের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে তথ্যের সত্যতা যাচাইয়ের বিভিন্ন কৌশল, ভুয়া তথ্য শনাক্তকরণ এবং দায়িত্বশীল সাংবাদিকতার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেমিনার শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজনকে সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিমত ব্যক্ত করেন।

