রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

হাম-রুবেলা সংকট ইস্যুতে আদালতের দ্বারস্থ সংসদ সদস্য

ডেস্ক রিপোর্ট।।

হাম ও রুবেলার টিকা আমদানিতে বিলম্ব এবং দায়িত্বে অবহেলার অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ পাঁচ সাবেক কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।

সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল এ আবেদন করেন।

আদালত সূত্রে জানা গেছে, আবেদনে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ২৭০, ৩০৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। তবে মামলাটি গ্রহণের বিষয়ে আদালত এখনও কোনো আদেশ দেননি।

মামলায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরকে আসামি করা হয়েছে।

মামলার আবেদনে বলা হয়, দেশে শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচিতে ব্যবহৃত হাম ও রুবেলার টিকা আমদানির ক্ষেত্রে দীর্ঘসূত্রতা ও ব্যবস্থাপনাগত দুর্বলতার কারণে সংকট তৈরি হয়। এর ফলে টিকাদান কার্যক্রম ব্যাহত হয়ে দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পায় বলে অভিযোগ করা হয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, টিকা সরবরাহ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার সতর্ক করা হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এর ফলেই জনস্বাস্থ্য পরিস্থিতির অবনতি ঘটে এবং বিপুলসংখ্যক শিশু আক্রান্ত হওয়ার পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটে বলে দাবি করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী গোলাম মোস্তফা খান আদালতে উপস্থিত থেকে মামলার আবেদন উপস্থাপন করেন। এখন আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে আবেদনটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করা হবে কি না।

এদিকে, মামলায় আনা অভিযোগের বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন