সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নতুন নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (৮ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ব্যাংকটির নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আবেদুর রহমান সিকদার। অন্যদিকে, পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজি শায়রুল হাসান।
সরকারি আদেশে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে আগামী তিন বছরের জন্য তাদের এ নিয়োগ কার্যকর হবে।
এছাড়া ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ অনুযায়ী আবেদুর রহমান সিকদারের নিয়োগসংক্রান্ত প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদকে নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন নেতৃত্বের মাধ্যমে ব্যাংকটির কার্যক্রমে আরও গতিশীলতা ও দক্ষতা আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

