মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

জুলাই-আগস্ট থেকে শিক্ষার্থীদের হাতে ইউনিফর্ম, জুতা ও পাটের ব্যাগ

ডেস্ক রিপোর্ট।।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইউনিফর্ম, জুতা, মোজা ও পাটের স্কুল ব্যাগ বিতরণ কর্মসূচি শুরু হচ্ছে আগামী জুলাই-আগস্ট থেকে। প্রাথমিকভাবে পাইলট প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন এলাকার কয়েক লাখ শিক্ষার্থী এ সুবিধা পাবে।

সোমবার (৮ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ তথ্য জানান।

তিনি বলেন, সরকারের শিক্ষা সহায়তা কর্মসূচির অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম, জুতা, মোজা এবং পরিবেশবান্ধব পাটের ব্যাগ সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ধাপে সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থীকে এ সুবিধার আওতায় আনা হবে।

প্রতিমন্ত্রী জানান, প্রকল্পটি কয়েকটি ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম পর্যায়ে এক লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে। পরে পর্যায়ক্রমে আরও শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হবে।

তিনি আরও জানান, দেশের সব উপজেলা থেকে বিদ্যালয় নির্বাচন করে পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হবে, যাতে কোনো অঞ্চল এই উদ্যোগের বাইরে না থাকে। আগামী ডিসেম্বরের মধ্যে পাইলট কার্যক্রম শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সহযোগিতায় শিক্ষার্থীদের জন্য পাঁচ লাখ পাটের স্কুল ব্যাগ সরবরাহ করা হবে। ব্যাগগুলো জলরোধী (ওয়াটারপ্রুফ) প্রযুক্তিতে তৈরি করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

পাইলট প্রকল্পের ফলাফল মূল্যায়নের পর আগামী বছর থেকে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণাঙ্গভাবে কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন