চুয়াডাঙ্গা মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক পরিচালিত গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে “আত্মহত্যার প্রবণতা হ্রাসে করণীয়” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চুয়াডাঙ্গা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন।
কর্মশালার শুভ উদ্বোধন করেন লুৎফুন নাহার। এ সময় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন।
কর্মশালায় অংশগ্রহণকারীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে আত্মহত্যার কারণ, এর বিভিন্ন ধরণ, সামাজিক দায়বদ্ধতা, পারিবারিক ও মানসিক স্বাস্থ্য বিষয়ক চ্যালেঞ্জ এবং আত্মহত্যা প্রতিরোধে রাষ্ট্রের করণীয় নিয়ে আলোচনা করেন। পরে দলভিত্তিক উপস্থাপনার মাধ্যমে তাদের মতামত ও সুপারিশ তুলে ধরা হয়।
আলোচনায় আত্মহত্যা প্রতিরোধে পারিবারিক সচেতনতা বৃদ্ধি, মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করা, সামাজিক সহমর্মিতা জোরদার করা এবং তরুণ প্রজন্মের জন্য কাউন্সেলিং কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে বিভিন্ন সেশন পরিচালনা করেন এবং অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করেন।
আয়োজকরা জানান, আত্মহত্যার প্রবণতা হ্রাসে কার্যকর নীতিমালা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মশালার সুপারিশগুলো ভবিষ্যৎ গবেষণা ও পরিকল্পনা প্রণয়নে সহায়ক ভূমিকা রাখবে।

