রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবি পরিচালকের পদ ছাড়লেন সীমান্ত

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হওয়ার মাত্র একদিনের মাথায় পদত্যাগ করেছেন মীর শাকরুল আলম সীমান্ত। সোমবার (৮ জুন) তিনি বিসিবি সভাপতির কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

বিসিবির একাধিক পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন। পদত্যাগপত্রে সীমান্ত ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যস্ততাকে দায়িত্ব ছাড়ার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন।

রাজশাহী অঞ্চল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হওয়া সীমান্ত তার চিঠিতে বলেন, তার বাবা মীর শাহে আলম সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হওয়ায় পারিবারিক ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব বর্তমানে তার ওপর রয়েছে। ফলে জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বিসিবির পরিচালকের দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হবে না।

তিনি আরও জানান, দায়িত্বশীলতার জায়গা থেকে এবং প্রতিষ্ঠানের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তার পদত্যাগপত্র গ্রহণের জন্য বিসিবি সভাপতির প্রতি অনুরোধ জানান।

রোববার অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনে রাজশাহী অঞ্চল থেকে একমাত্র প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মীর শাকরুল আলম সীমান্ত। তবে নির্বাচনের আগেই তিনি দায়িত্ব পালন না করার ইঙ্গিত দিয়েছিলেন। শেষ পর্যন্ত নির্বাচিত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই আনুষ্ঠানিকভাবে পরিচালক পদ থেকে সরে দাঁড়ালেন তিনি।

এই পদত্যাগের ফলে বিসিবির নবগঠিত পরিচালনা পর্ষদে রাজশাহী অঞ্চলের প্রতিনিধিত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন