ডেস্ক রিপোর্ট।।
বলিউডে নারী ও পুরুষ শিল্পীদের জন্য সমান সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তাপসী পান্নু। বিশেষ করে অভিনেত্রীদের বয়সকে কেন্দ্র করে যে বৈষম্য তৈরি হয়, তা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তাপসী বলেন, ক্যারিয়ারের শুরুতে নিজেকে প্রতিষ্ঠিত করতে তাকে দীর্ঘ সময় সংগ্রাম করতে হয়েছে। বলিউডে কাজ শুরু করার সময় তার বয়স ছিল বিশের কোঠায়। কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ পেতে পেতে বয়স ত্রিশের ঘরে পৌঁছে যায়।
অভিনেত্রীর ভাষ্য, ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান তৈরি করার পরও অনেক সময় তাকে শুনতে হয়েছে যে কোনো নির্দিষ্ট চরিত্রের জন্য আরও কম বয়সী অভিনেত্রী প্রয়োজন। অথচ একই ধরনের মন্তব্য পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে খুব কমই দেখা যায়।
তাপসী বলেন, “নিজেকে প্রমাণ করতে কয়েক বছর সময় লেগেছে। পরে যখন ভালো চরিত্রের জন্য অডিশন বা আলোচনায় গেছি, তখন বয়সকে কারণ দেখিয়ে আমাকে বাদ দেওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে এমনটা খুব একটা দেখা যায় না।”
বলিউডে বর্তমানে শাহরুখ খান, সালমান খান, আমির খান এবং অক্ষয় কুমার-এর মতো তারকারা দীর্ঘ সময় ধরে প্রধান চরিত্রে অভিনয় করে যাচ্ছেন। তাপসীর মতে, পুরুষদের ক্ষেত্রে বয়স সাধারণত বাধা হয়ে দাঁড়ায় না, কিন্তু অভিনেত্রীদের জন্য বিষয়টি প্রায়ই ক্যারিয়ারের বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে।
তিনি আরও জানান, কর্মজীবনের একটি দীর্ঘ সময় এই বৈষম্য ও অবহেলা তাকে মানসিকভাবে কষ্ট দিয়েছে। তবে সময়ের সঙ্গে তিনি এসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছেন এবং নিজেকে আরও পরিণতভাবে গড়ে তুলেছেন।
তাপসীর এই মন্তব্যের পর আবারও বলিউডে নারী-পুরুষ শিল্পীদের মধ্যে সুযোগ ও বয়সভিত্তিক বৈষম্যের বিষয়টি আলোচনায় এসেছে।

