রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ, ‘পুশ-ইন’ বন্ধের আহ্বান

ডেস্ক রিপোর্ট।।

ভারতীয় নাগরিকদের জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টাকে বেআইনি ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সরকারের কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে গোলাম পরওয়ার অভিযোগ করেন, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে। তার দাবি, এ ধরনের উদ্যোগ আন্তর্জাতিক আইন, মানবাধিকার নীতি এবং প্রচলিত কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্ত দিয়ে ১১ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে বিজিবি তা প্রতিহত করে। তাদের মধ্যে নারী ও শিশুও ছিল বলে দাবি করা হয়। এছাড়া পঞ্চগড়ের হাড়িভাসা সীমান্তসহ দেশের আরও কয়েকটি সীমান্ত এলাকায় একই ধরনের ঘটনার অভিযোগ তুলে ধরেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, সীমান্তে বিজিবি, আনসার-ভিডিপি সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক অবস্থানের কারণে একাধিক পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি আরও দাবি করেন, বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকার ভারতের কাছে যোগাযোগ করলেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি।

বিবৃতিতে তিনি সীমান্তে এ ধরনের কার্যক্রম বন্ধ এবং দুই দেশের মধ্যে পারস্পরিক সম্মান ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ জোরদারেরও দাবি জানান তিনি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন