আসন্ন ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচারের লক্ষ্যে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার কাছ থেকে সম্প্রচার স্বত্ব কিনেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভ)। ভ্যাট ও করসহ এ স্বত্ব অর্জনে মোট ব্যয় হয়েছে প্রায় ৬৩ কোটি টাকা।
মঙ্গলবার সচিবালয়ে বিশ্বকাপ সম্প্রচারসংক্রান্ত এক ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, সাধারণ দর্শকদের স্বার্থ বিবেচনায় রেখে বিটিভিতে বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, শুধু বিটিভিই নয়, বেসরকারি দুটি টেলিভিশন চ্যানেল, ওটিটি প্ল্যাটফর্ম এবং মোবাইল অপারেটরদের নির্দিষ্ট প্ল্যাটফর্মেও বিশ্বকাপের খেলা দেখার সুযোগ থাকবে। ফলে দেশের বিভিন্ন প্রান্তের দর্শক একাধিক মাধ্যমে বিশ্বকাপ উপভোগ করতে পারবেন।
তিনি আরও বলেন, বিশ্বকাপের মতো বৈশ্বিক ক্রীড়া আসর সবার জন্য সহজলভ্য করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। এর ফলে বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী বিনামূল্যে বা সহজলভ্য মাধ্যমে খেলা দেখার সুযোগ পাবেন।
বিশ্বকাপ সম্প্রচার নিয়ে ইতোমধ্যে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, বিটিভিসহ বিভিন্ন সম্প্রচারমাধ্যমের উদ্যোগে দেশের দর্শকরা টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ নির্বিঘ্নে উপভোগ করতে পারবেন।

