মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

আমতলীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, আটক ২

বরগুনা প্রতিনিধি

বরগুনার আমতলীতে ১ হাজার ৯ শত পিস ইয়াবাসহ ছাত্রদলের এক নেতা ও তাঁর সহযোগীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) বিকেলে উপজেলার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খোন্তাকাটা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন আবদুল্লাহ আল নোমান ওরফে জনি গাজী এবং সুজন হাওলাদার। জনি গাজী আমতলী পৌর ছাত্রদলের সাবেক সদস্যসচিব বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার উপপরিদর্শক (এসআই) কমল চন্দ্র দে ও সহকারী উপপরিদর্শক (এএসআই) হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল খোন্তাকাটা বটতলা এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে জনি গাজী ও সুজন হাওলাদারকে আটক করা হয়। পরে তাঁদের দেহ তল্লাশি করে ১ হাজার ৯ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য, উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য কয়েক লাখ টাকা হতে পারে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, ‘মাদক, ইভটিজিং, চাঁদাবাজি, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে ইয়াবাসহ আটক করা হয়েছে।’

ওসি আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাঁদের আদালতে পাঠানো হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন