রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

কিশোর গ্যাং কার্যক্রমে ছাত্রদল নেতার সংশ্লিষ্টতার অভিযোগ, তদন্তের দাবি

ডেস্ক রিপোর্ট।।

রাজধানীর বনানী থানাধীন মহাখালী ওয়্যারলেস গেইট এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে ছাত্রদল নেতা শেখ সিয়াম ও তার অনুসারী এক বেপরোয়া কিশোর গ্যাং। ইভটিজিং, মাদক সেবন, চাঁদাবাজি থেকে শুরু করে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের মতো গুরুতর অভিযোগ উঠেছে এই নেতার বিরুদ্ধে। স্থানীয় প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয়ে সিয়াম দিন দিন আরও হিংস্র হয়ে উঠছে বলে অভিযোগ সাধারণ মানুষের।

অনুসন্ধানে জানা গেছে, বনানী থানা ছাত্রদলের সভাপতি মো. নাঈম উদ্দিন মিজবাহ’র সক্রিয় অনুসারী হিসেবে পরিচিত এই শেখ সিয়াম। তার নেতৃত্বে গড়ে ওঠা কিশোর গ্যাংটি ওয়্যারলেস গেইট ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। গলির মোড়ে দলবেঁধে আড্ডা দেওয়া, স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রীদের উত্যক্ত করা এবং প্রকাশ্যে মাদক সেবন তাদের নিত্যদিনের চিত্র। এলাকার কোনো মুরুব্বি প্রতিবাদ করতে গেলে তাদের সাথে চরম ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও লাঞ্ছিত করার ঘটনাও ঘটছে নিয়মিত।

সম্প্রতি ওয়্যারলেস গেইট এলাকার ‘নাহার ট্রেড সেন্টার’ নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানে সিয়াম ও তার বাহিনী মোটা অঙ্কের চাঁদা দাবি করে। দাবি করা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দোকানের কর্মচারীকে নির্মমভাবে মারধর করে তারা। এই ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ ও নিরাপত্তা নিয়ে আতঙ্ক বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী বলেন, “ওদের ভয়ে আমরা মুখ খুলতে পারি না। কিছু বললেই দলবল নিয়ে এসে হামলা চালায়।”

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিয়ামের একটি ছবি ছড়িয়ে পড়েছিল, যেখানে তাকে হাতে একটি শর্টগান নিয়ে পোজ দিতে দেখা যায়। ছবিটি ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলেও অদৃশ্য কারণে প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়দের প্রশ্ন— একজন ছাত্র নেতার হাতে এই আগ্নেয়াস্ত্র আসে কোত্থেকে? এই খুঁটির জোরই বা কোথায়?

শেখ সিয়াম ওয়্যারলেস গেইট এলাকার হাবিবুর রহমানের ছেলে। স্থানীয়দের অভিযোগ, বনানী থানা ছাত্রদলের শীর্ষ নেতার ‘ছায়া’ থাকায় পুলিশ তাকে ঘাটানোর সাহস পায় না। আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই প্রতিপক্ষ গ্রুপের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয় সিয়ামের এই গ্যাং, যার ফলে সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে।

এ বিষয়ে জানতে বনানী থানা ছাত্রদলের সভাপতি মো. নাঈম উদ্দিন মিজবাহ’র সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে, এলাকার বাসিন্দারা অনতিবিলম্বে এই বেপরোয়া কিশোর গ্যাং নির্মূল এবং সিয়ামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বনানী থানা পুলিশ জানায়, সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে পুলিশের এমন প্রথাগত আশ্বাসে আশ্বস্ত হতে পারছেন না ভুক্তভোগী এলাকাবাসী। তাদের দাবি, রাজনৈতিক পরিচয়ের আড়ালে থাকা এই অপরাধীদের এখনই লাগাম না টানলে মহাখালী-বনানী এলাকা বসবাসের অনুপযোগী হয়ে পড়বে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন