দীর্ঘ বিরতির পর বাংলাদেশের কনজ্যুমার প্রযুক্তি বাজারে নতুন করে কার্যক্রম জোরদার করার ঘোষণা দিয়েছে হুয়াওয়ে। একসঙ্গে ১৩টি নতুন প্রযুক্তিপণ্য উন্মোচনের পাশাপাশি দেশব্যাপী সরবরাহ ও বিক্রয়োত্তর সেবা সম্প্রসারণে নতুন উদ্যোগের কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
রাজধানীতে আয়োজিত ‘নাউ ইজ ইয়োর স্পার্ক’ শীর্ষক এক অনুষ্ঠানে স্মার্টফোন, ফোল্ডেবল ডিভাইস, ট্যাবলেট, স্মার্টওয়াচ এবং অডিও পণ্যের সমন্বয়ে নতুন পোর্টফোলিও প্রদর্শন করে হুয়াওয়ে বাংলাদেশ ডিভাইস বিভাগ। অনুষ্ঠানে প্রযুক্তিপ্রেমী, ব্যবসায়িক অংশীদার, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উন্মোচিত পণ্যগুলোর মধ্যে রয়েছে নতুন প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন, ফোল্ডেবল ডিভাইস, ট্যাবলেট, স্মার্টওয়াচ এবং ওয়্যারলেস অডিও ডিভাইস। হুয়াওয়ে জানিয়েছে, ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনকে আরও স্মার্ট ও সংযুক্ত করতে এসব পণ্য ডিজাইন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলেন, তাদের লক্ষ্য শুধু ডিভাইস বিক্রি নয়; বরং একটি সমন্বিত স্মার্ট ইকোসিস্টেম গড়ে তোলা, যেখানে বিভিন্ন ডিভাইস একসঙ্গে কাজ করে ব্যবহারকারীদের জন্য আরও উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করবে।
হুয়াওয়ে বাংলাদেশ ডিভাইস অফিসের কান্ট্রি হেড এরিক প্যাং বলেন, বাংলাদেশের বাজারে উদ্ভাবনী প্রযুক্তি ও উন্নত ব্যবহারকারীর অভিজ্ঞতা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, নতুন পণ্যের পাশাপাশি গ্রাহকসেবা ও বিক্রয়োত্তর সুবিধাও আরও শক্তিশালী করা হবে।
বাজার সম্প্রসারণের অংশ হিসেবে হুয়াওয়ে দেশের অন্যতম পরিবেশক ডিএক্স গ্রুপকে অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে নিয়োগ দিয়েছে। এর মাধ্যমে দেশব্যাপী পণ্যের সহজলভ্যতা এবং দ্রুত সেবা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, টেলিযোগাযোগ অবকাঠামো খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কনজ্যুমার প্রযুক্তি বাজারেও নিজেদের অবস্থান আরও শক্ত করতে চায় হুয়াওয়ে। নতুন পণ্য, বিস্তৃত বিতরণ নেটওয়ার্ক এবং উন্নত সেবার সমন্বয়ে দেশের প্রযুক্তি বাজারে প্রতিযোগিতা আরও বাড়বে বলেও ধারণা করা হচ্ছে।

