রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

ফেসবুকে ‘নাডা রুবেল’ বিতর্ক: গুজব-অপপ্রচারে ক্ষুব্ধ বিভিন্ন মহল

ডেস্ক রিপোর্ট।।

রাজধানীর বনানী থানাধীন বেলতলা আদর্শনগর এলাকায় এক আতঙ্কের নাম কামরুজ্জামান ওরফে নাডা রুবেল। অভিযোগ উঠেছে, এই ব্যক্তি নামে-বেনামে একাধিক ফেসবুক আইডি ব্যবহার করে বিভিন্ন উস্কানিমূলক পোস্ট, বিশিষ্ট ব্যক্তিবর্গের নামে অপপ্রচার, গুজব এবং অনলাইনে হুমকি-ধামকি দিয়ে আসছেন। শুধু অনলাইন নয়, রাজনৈতিক পরিচয় ভাঙিয়ে এলাকায় মাদক ব্যবসা ও চাঁদাবাজির সিন্ডিকেট নিয়ন্ত্রণেরও গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অনুসন্ধানে দেখা গেছে, রুবেল তার নিজের ফেসবুক আইডি ছাড়াও বেশ কিছু ফেক আইডি পরিচালনা করেন। এসব আইডি থেকে এলাকার সম্মানিত ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং মিথ্যা তথ্য ছড়ানো হয়। কৌশল হিসেবে তিনি মাঝেমধ্যে নিজের মূল আইডি থেকে ওইসব ফেক আইডিকে ‘ভুয়া’ দাবি করে পোস্ট দেন। তবে ভাষাগত বিশ্লেষণ ও তথ্যের ধরন পর্যালোচনায় দেখা গেছে, উভয় আইডির লেখার ধরনে অদ্ভুত মিল রয়েছে। তার ঘনিষ্ঠ কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে নিশ্চিত করেছেন যে, ব্যক্তিগত শত্রুতা মেটাতে এবং ভীতি ছড়াতে রুবেল নিজেই এসব আইডি নিয়ন্ত্রণ করেন।

রুবেলের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে অভিনব পন্থায় টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। তিনি বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে মেসেজ দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করেন। টাকা পাওয়ার পর বিষয়টি ধামাচাপা দিতে কৌশলে ফেসবুকে পোস্ট দিয়ে দাবি করেন যে তার ‘হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক হয়েছে’। এই নাটকীয়তার মাধ্যমে তিনি নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, নাডা রুবেল একসময় যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও বর্তমানে ভোল পাল্টে নিজেকে বিএনপির নেতা হিসেবে জাহির করছেন। বিএনপি বা এর অঙ্গসংগঠনের কোনো কমিটিতে সদস্য পদ না থাকলেও এলাকার প্রভাবশালী বিএনপি নেতাদের সঙ্গে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন। মূলত এই ছবিগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করে তিনি এলাকায় মাদক কারবার ও চাঁদাবাজি নির্বিঘ্ন করেন।

এলাকাবাসীর দাবি, রুবেল নিজেকে ডিবি পুলিশের কথিত সোর্স পরিচয় দিয়ে বেড়ান। তার মাদক ব্যবসায় কেউ বাধা দিলে তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখান। তার বিরুদ্ধে বর্তমানে একাধিক মামলা থাকলেও রহস্যজনক কারণে তিনি ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। সাধারণ মানুষের চোখে তিনি নিজেকে মাদকবিরোধী হিসেবে উপস্থাপন করলেও আড়ালে ইয়াবা ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এলাকার একজন ভুক্তভোগী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “নাডা রুবেলের অত্যাচারে আমরা অতিষ্ঠ। সে দিনের বেলা একেক নেতার সাথে ছবি তুলে রাতে আমাদের ফোন দিয়ে টাকা চায়। প্রতিবাদ করলেই অনলাইনে ফেক আইডি দিয়ে মানহানি করে। পুলিশ প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না, তা আমাদের বোধগম্য নয়।”

এর আগে নাডা রুবেলের মাদক ব্যবসার খবর প্রকাশ করলে প্রতিবেদককে হুমকি প্রদান করেন।

বনানী এলাকার একজন প্রবীণ রাজনৈতিক নেতা বলেন, “দলে রুবেলের কোনো পদ নেই। নেতার সাথে ছবি তোলা মানেই সে দলের লোক হয়ে যায় না। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করব এই ধরনের বিতর্কিত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে।”

এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত কামরুজ্জামান নাডা রুবেলের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এলাকাবাসী এবং ভুক্তভোগীরা এই কথিত রাজনৈতিক নেতা ও মাদক কারবারির হাত থেকে বাঁচতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন