দুর্গম পাহাড়ের আঁকাবাঁকা পথ আর নানা সীমাবদ্ধতা জয় করে অনন্য গৌরব অর্জন করেছে রাঙামাটির কাউখালীর খুদে শিক্ষার্থী উচাইমা মারমা।
সব বাধা পেরিয়ে সে এবার ‘প্রাথমিক শিক্ষা পদক ২০২৬’-এ চট্টগ্রাম বিভাগের মধ্যে সেরা হওয়ার গৌরব অর্জন করেছে।উচাইমা মারমার এই সফলতার পথটি ছিল বেশ প্রতিযোগিতাপূর্ণ। প্রতিটি ধাপে নিজের মেধার স্বাক্ষর রেখে সে আজ এই অবস্থানে পৌঁছেছে। উপজেলা পর্যায় প্রথমে কাউখালি উপজেলায় প্রথম স্থান অধিকার করে।উপজেলার সীমানা পেরিয়ে রাঙামাটি জেলাতেও প্রথম হয়।সর্বশেষ চট্টগ্রাম পিটিআই-তে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের সব জেলার সেরা শিক্ষার্থীদের পেছনে ফেলে সে প্রথম স্থান ছিনিয়ে নেয়।
বিভাগীয় সেরা হয়েই থেমে নেই উচাইমার স্বপ্ন। আগামী ১৫ জুন সে চট্টগ্রাম বিভাগের প্রতিনিধি হিসেবে ঢাকায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে। দুর্গম পাহাড়ের আলো হয়ে উচাইমা এখন সারা দেশের মধ্যে সেরা হওয়ার লক্ষ্য নিয়ে লড়াই করবে।
মেধাবী এই খুদে শিক্ষার্থী রাঙামাটি জেলার কাউখালি উপজেলার সাপমাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। তার এই অসাধারণ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী এবং পুরো পাহাড়ি অঞ্চলে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। দুর্গম অঞ্চলের এমন একটি শিশুর এই অর্জন পুরো পার্বত্য অঞ্চলের জন্য এক বিশাল গৌরব ও অনুপ্রেরণার গল্প।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিব হোসেন বলেন প্রাথমিক শিক্ষা পদক -২০২৬ এ অঙ্ক দৌঁড় ইভেন্টে চট্টগ্রাম বিভাগে সেরার মুকুট জয় করেছে রাঙামাটির কাউখালী উপজেলার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী উচাইমা। দূর্গম পাহাড়ি জনপদ থেকে ছোট্ট এই শিক্ষার্থীর অর্জন যেমন কাউখালি উপজেলাকে গর্বিত করেছে তেমনি দেশসেরা হওয়ার লড়াইয়ে তার অগ্রযাত্রা সামল্যমন্ডিত হোক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেই শুভকামনা রইলো।
প্রধান শিক্ষক অংসিনু মারমা বলেন,আমি খুবই আনন্দিত ও গর্ববোধ করছি। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমার বিদ্যালয়ের সকল শিক্ষকদেরকে ও শিক্ষার্থী এবং শিক্ষার্থীর অভিভাবককে। এই অর্জন আমাদের সকলের আন্তরিক প্রচেষ্টার ফল। আশা করি সেই জাতীয় পর্যায়েও প্রথম হবে এবং ১ম স্থান অর্জন করে নিজ বিদ্যালয়ের ও কাউখালী উপজেলার নাম উজ্জ্বল করবে।

