মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

হরমুজ প্রণালি পেরিয়ে তেল রপ্তানি শুরু ইরানের, কমেছে বিশ্ববাজারে দাম

ডেস্ক রিপোর্ট।।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা চুক্তি স্বাক্ষরের আগেই হরমুজ প্রণালি দিয়ে একাধিক ইরানি তেলবাহী ট্যাঙ্কার চলাচল শুরু করেছে। এর মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর আবারও অপরিশোধিত তেল রপ্তানি শুরু করেছে তেহরান।

বুধবার (১৭ জুন) জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী বিভিন্ন সংস্থার তথ্যের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

তেল পরিবহন ও মজুত পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ‘ট্যাঙ্কার ট্র্যাকার্স’ জানিয়েছে, গত দুই মাসের মধ্যে প্রথমবারের মতো আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল পাঠিয়েছে ইরান। ডিজিটাল ট্র্যাকিং তথ্য ও স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

তথ্য অনুযায়ী, ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানির (এনআইটিসি) ‘ডিওনা’ ও ‘হিরো-২’ নামের দুটি ট্যাঙ্কার হরমুজ প্রণালি অতিক্রম করেছে। জাহাজ দুটিতে প্রায় ৩৮ লাখ ব্যারেল তেল রয়েছে। এছাড়া ‘সোনিয়া-১’ নামের আরেকটি ট্যাঙ্কার প্রায় ১০ লাখ ব্যারেল তেল বহন করে প্রণালি পাড়ি দিয়েছে।

একই সময়ে ‘স্ট্রিম’ নামের আরেকটি ট্যাঙ্কার ইরানের একটি বন্দরের উদ্দেশে যাত্রা করেছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য আলোচনার অগ্রগতির খবরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার ইঙ্গিত পাওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে।

বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, সম্ভাব্য সমঝোতার পর দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হতে পারে। আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি এবং দেশটির ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিলের বিষয়গুলো গুরুত্ব পাবে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সমঝোতা কার্যকর হলে ইরানের তেল ও জ্বালানি রপ্তানির ওপর থাকা কিছু নিষেধাজ্ঞা দ্রুত শিথিল করা হতে পারে।

তবে সম্ভাব্য চুক্তি ও নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সূত্র: আল জাজিরা

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন