পর্তুগাল কোচের সিদ্ধান্ত ও মন্তব্য ঘিরে উত্তাল ফুটবল অঙ্গন
বিশ্ব ফুটবলের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন পর্তুগাল জাতীয় দলের কোচ রবার্তো মার্তিনেজ। গতকাল ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচের পর দুইটি কারণে তিনি ব্যাপক সমালোচনা ও আলোচনার জন্ম দিয়েছেন।
প্রথমত, ম্যাচে নিষ্প্রভ পারফরম্যান্সের পরও ক্রিস্টিয়ানো রোনালদোকে ৯০ মিনিট মাঠে রাখার সিদ্ধান্ত। দ্বিতীয়ত, বিশ্বকাপ শেষে দায়িত্ব ছাড়ার ঘোষণা।
ম্যাচে রোনালদো ছিলেন নিজের ছায়া হয়ে। পুরো ম্যাচে ২৫ বার বল ছুঁয়ে তিনি লক্ষ্যভেদে কোনো শট রাখতে পারেননি। এরপরও তাকে না বদলানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে ফুটবল মহলে।
ম্যাচ শেষে এ বিষয়ে ব্যাখ্যা দেন মার্তিনেজ। তিনি বলেন, “যে ম্যাচে আপনার গোল সবচেয়ে বেশি প্রয়োজন, সে ম্যাচে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ গোলদাতাকে তুলে নেওয়ার কোনো মানে হয় না।”
এদিকে ম্যাচের আগেই মার্তিনেজ নিশ্চিত করেন, বিশ্বকাপ শেষে তিনি পর্তুগাল জাতীয় দলের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। ফিফাকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, তার চুক্তি বিশ্বকাপের পরই শেষ হবে এবং সেটিই স্বাভাবিক সমাপ্তি।
তিনি আরও বলেন, “আমরা পর্তুগালের সঙ্গে যে লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছিলাম, তা পূরণের শেষ পর্যায়ে আছি। এখন বিশ্বকাপই মূল লক্ষ্য।”
২০২৩ সালের জানুয়ারিতে পর্তুগাল দলের দায়িত্ব নেওয়া মার্তিনেজ এখন পর্যন্ত ৪০ ম্যাচে ২৮ জয় ও ৭ ড্র পেয়েছেন। তার অধীনে দল ২০২৪-২৫ উয়েফা নেশনস লিগ শিরোপাও জিতেছে।
তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে ড্র হওয়াকে বড় সংকট হিসেবে দেখছেন না তিনি। ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার সৌদি আরবের কাছে হার এবং ২০১০ সালে স্পেনের সুইজারল্যান্ডের কাছে হারের উদাহরণ টেনে তিনি বলেন, “প্রথম ম্যাচের ফল সবসময় চূড়ান্ত কিছু নির্ধারণ করে না।”
সব মিলিয়ে রোনালদোকে ঘিরে সিদ্ধান্ত এবং বিশ্বকাপ পরবর্তী ভবিষ্যৎ ঘোষণা—দুটিই এখন মার্তিনেজকে বিশ্ব ফুটবলে আলোচনার শীর্ষে নিয়ে এসেছে।

