মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

ঢাকায় ট্রাফিক ব্যবস্থায় যুক্ত হচ্ছে আধুনিক ১২০ এআই ক্যামেরা

ডেস্ক রিপোর্ট।।

রাজধানীর দীর্ঘস্থায়ী যানজট নিরসনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম ধাপে ঢাকার ৭৬টি গুরুত্বপূর্ণ মোড়ে এআইভিত্তিক ট্রাফিক সিগন্যাল ও ক্যামেরা স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ।

সম্প্রতি সচিবালয়ে অনুষ্ঠিত রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নবিষয়ক এক সভায় এই পরিকল্পনা উপস্থাপন করা হয়। সভায় সংশ্লিষ্টরা জানান, ডিএমপির সঙ্গে সমন্বয় করে প্রকল্প বাস্তবায়নে যুক্ত থাকবে ঢাকার দুই সিটি করপোরেশন। প্রধান সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা ধাপে ধাপে স্বয়ংক্রিয় করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, প্রকল্প বাস্তবায়নে অতিরিক্ত কোনো বিশেষ বরাদ্দের প্রয়োজন হবে না; বরং এটি পুলিশের নিজস্ব তহবিল থেকেই পরিচালনা করা সম্ভব হবে।

এর আগে পরীক্ষামূলকভাবে রাজধানীর জাহাঙ্গীর গেট, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় আধুনিক ট্রাফিক সিগন্যাল চালু করা হয়। দেশীয় প্রযুক্তিতে এসব সিগন্যাল তৈরি করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। পরীক্ষামূলকভাবে এআই প্রযুক্তিও যুক্ত করা হয়েছে ট্রাফিক ব্যবস্থাপনায়।

নতুন ব্যবস্থায় এআইভিত্তিক ক্যামেরার মাধ্যমে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করার সফটওয়্যার যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তবে রাজধানীর ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার ইতিহাস দীর্ঘদিন ধরেই চ্যালেঞ্জপূর্ণ। বিভিন্ন সময় আন্তর্জাতিক অর্থায়নে একাধিকবার সিগন্যাল ব্যবস্থা চালু করা হলেও অনেক প্রকল্পই কার্যকারিতা হারিয়েছে। নতুন উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন