রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

বনানীতে আ.লীগ নেতার বাড়ি দখল করে মাদক স্পট, নেপথ্যে শীর্ষ সন্ত্রাসী মাসুম সিন্ডিকেট

ডেস্ক রিপোর্ট।।

রাজধানীর বনানীর বেলতলা আদর্শনগর এলাকায় বাসা-বাড়ি দখল করে প্রকাশ্যেই চলছে মাদক ও অস্ত্রের রমরমা কারবার। এলাকার অন্যতম চিহ্নিত মাদক কারবারি ইয়াছিনের নিয়ন্ত্রণে সেখানে গড়ে উঠেছে ইয়াবা, গাঁজা ও হেরোইনের নিরাপদ আস্তানা। পলাতক এক আওয়ামী লীগ নেতার বাড়ি দখল করে এই অপরাধ সাম্রাজ্য গড়ে তুলেছে সে। স্থানীয়দের অভিযোগ, মাদক ব্যবসার পাশাপাশি ইয়াছিনের কাছে রয়েছে অবৈধ অস্ত্রের মজুদ, যা দিয়ে সে এলাকায় সার্বক্ষণিক আতঙ্ক সৃষ্টি করে রাখছে।

অনুসন্ধানে জানা গেছে, ইয়াছিন মূলত গুলশান, বনানী ও বাড্ডা এলাকার শীর্ষ মাদক কারবারি ও চাঁদাবাজ ‘মোল্লা মাসুম সিন্ডিকেট’-এর একজন সক্রিয় সদস্য। বেশ কিছুদিন আগে মহাখালীতে বৈশাখী টেলিভিশনের পাশের গলিতে আধিপত্য বিস্তার ও সাধারণ মানুষকে ভয় দেখাতে প্রকাশ্যে অবৈধ অস্ত্র উঁচিয়ে তিন রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে এই মোল্লা মাসুম। পরবর্তীতে ওই ঘটনার সিসিটিভি ফুটেজ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনুসন্ধানে দেখা গেছে, সিসিটিভি ফুটেজে মাসুম যখন গুলি চালাচ্ছিল, তখন পথচারীর বেশে ইয়াছিন ঠিক পাশেই অবস্থান করছিল। মূলত মাসুমের প্রত্যক্ষ মদদেই বনানী এলাকায় ইয়াছিন বেপরোয়া হয়ে উঠেছে।

এলাকাবাসী জানান, ইয়াছিনের অপরাধের কৌশল বেশ চতুর। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে সে স্থানীয় হিজড়াদের একটি গ্রুপকে ঢাল হিসেবে ব্যবহার করছে। এই হিজড়া গ্রুপটির মাধ্যমেই সে আদর্শনগর ও এর আশেপাশের এলাকায় মাদক সরবরাহ ও খুচরা বিক্রি নিশ্চিত করে।

নাম প্রকাশে অনিচ্ছুক বেলতলা আদর্শনগর এলাকার এক বাসিন্দা জানান, “২০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুনায়েদ মনির রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে এলাকাছাড়া। সেই সুযোগে তার বাড়িটা দখল নিয়েছে ইয়াছিন বাহিনী। এখন দিন-রাত চব্বিশ ঘণ্টা সেখানে মাদক কেনাবেচা আর বহিরাগত অপরাধীদের আড্ডা চলে। ওর কাছে অবৈধ অস্ত্র থাকায় আমরা কেউ ভয়ে মুখ খুলতে পারি না। প্রতিবাদ করলেই অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। আমরা মাদক মুক্ত এলাকা চাই।”

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো উত্তর অঞ্চলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন,
“বনানী এলাকায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এর আগেও আমরা বেশ কয়েকটি অভিযান চালিয়েছি। তবে এরা ঘন ঘন স্পট পরিবর্তন করে। অবৈধ অস্ত্র ও মাদকের এই সিন্ডিকেটকে গুঁড়িয়ে দিতে যৌথ বাহিনীর সহায়তায় খুব দ্রুতই একটি বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হবে। অপরাধী যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন