রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়লে কি জামাতের সওয়াব পাওয়া যাবে?

ডেস্ক রিপোর্ট।।

জামাতে নামাজ আদায়ের গুরুত্ব ইসলামে অত্যন্ত বেশি। কোনো গ্রহণযোগ্য কারণ ছাড়া প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তবে কোনো কারণে মসজিদে যেতে না পারলে ঘরে স্ত্রী-সন্তানদের নিয়ে জামাতে নামাজ আদায় করলেও জামাতের সওয়াব পাওয়া যাবে বলে ইসলামী আইনবিদরা উল্লেখ করেছেন।

ইসলামী সূত্র অনুযায়ী, স্বামী যদি ইমামতি করেন, তাহলে স্ত্রী তার পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন। এটিই সুন্নতসম্মত পদ্ধতি। স্থান সংকুলান না হলে স্ত্রী স্বামীর ডান পাশে সামান্য পেছনে দাঁড়াতে পারেন। তবে স্বামীর সঙ্গে একেবারে সমান হয়ে দাঁড়ানোকে ফিকহের কিতাবগুলোতে নিরুৎসাহিত করা হয়েছে।

ফিকহবিদদের মতে, মসজিদের জামাত না পাওয়া গেলে বা অন্য কোনো কারণে মসজিদে যাওয়া সম্ভব না হলে একাকী নামাজ আদায়ের পরিবর্তে পরিবারের সদস্যদের নিয়ে জামাতে নামাজ পড়া উত্তম।

জামাতের কাতার বিন্যাসের ক্ষেত্রেও ইসলামে নির্দিষ্ট নির্দেশনা রয়েছে। সাধারণভাবে প্রথম কাতারে প্রাপ্তবয়স্ক পুরুষ, এরপর অপ্রাপ্তবয়স্ক ছেলে শিশু এবং সবশেষে নারীরা দাঁড়াবেন।

এ প্রসঙ্গে সাহাবি হজরত আনাস (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, মহানবী হজরত মুহাম্মদ (সা.) নামাজে একজন পুরুষকে নিজের ডান পাশে এবং একজন নারীকে পেছনে দাঁড় করিয়েছিলেন।

তাই কোনো কারণে মসজিদে জামাতে অংশ নিতে না পারলে স্বামী-স্ত্রী ঘরে একসঙ্গে জামাতে নামাজ আদায় করতে পারেন। এ ক্ষেত্রে স্ত্রী ইমামের পেছনে দাঁড়াবেন এবং শরিয়তের নির্দেশিত পদ্ধতি অনুসরণ করবেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন