নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম নিয়ে সৃষ্টি হওয়া বিতর্কের পর সেগুলোর নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
শুক্রবার বিএনপির মিডিয়া সেলের মাধ্যমে প্রকাশিত এক বার্তায় জেলা প্রশাসক জানান, নতুন নাম নির্ধারণে স্থানীয় জনগণের মতামতকে প্রাধান্য দেওয়া হবে। পাশাপাশি এলাকার ইতিহাস, ঐতিহ্য ও ভৌগোলিক বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে পুনরায় গণশুনানির আয়োজন করা হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নতুন নাম চূড়ান্ত হওয়ার পর আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে গেজেট প্রকাশ করা হবে।
সম্প্রতি ইউনিয়ন দুটির নাম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। এ নিয়ে সংসদেও প্রশ্ন তোলা হয়।
জাতীয় সংসদে বিরোধীদলীয় সদস্য শফিকুল ইসলাম অভিযোগ করেন, প্রতিমন্ত্রীর পরিবারের সদস্যদের নাম অনুসারে কয়েকটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে। তিনি বলেন, অতীতে পরিবারের সদস্যদের নামে বিভিন্ন স্থাপনার নামকরণের প্রস্তাব সরকার প্রত্যাখ্যান করলেও সাম্প্রতিক এ ঘটনা সেই নীতির সঙ্গে সাংঘর্ষিক।
তবে অভিযোগ অস্বীকার করে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর নামকরণ হয়েছে প্রশাসনিক যাচাই-বাছাই ও গণশুনানির ভিত্তিতে। তার ভাষ্য অনুযায়ী, গাবতলী ও সোনাতলা উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত হওয়ায় একটি ইউনিয়নের নাম ‘সীমান্ত’ এবং দূরবর্তী অবস্থানের কারণে অন্যটির নাম ‘দিগন্ত’ রাখা হয়েছে।
তবুও ভুল বোঝাবুঝি ও বিতর্ক এড়াতে ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

