সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে তার বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করে রোববার (২১ জুন) আদেশ জারি করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রুর সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তবে তার স্থলাভিষিক্ত হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি।
গত বছরের ২১ আগস্ট সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলম। এর আগে তিনি র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করে ব্যাপক পরিচিতি লাভ করেন।
র্যাবে কর্মরত অবস্থায় তিনি ভেজালবিরোধী তিন শতাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। খাদ্যে ভেজাল, অনিয়ম ও প্রতারণার বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের মাধ্যমে সাধারণ মানুষের প্রশংসা অর্জন করেন এবং প্রশাসনিক অঙ্গনেও আলোচিত হয়ে ওঠেন।
পরবর্তীতে ২০২০ সালের ৯ নভেম্বর তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়। দীর্ঘ সময় পদোন্নতি না পাওয়ার পর ২০২৪ সালের ১৪ আগস্ট তিনি উপসচিব পদে পদোন্নতি লাভ করেন।
এর আগে পদোন্নতি থেকে একাধিকবার বঞ্চিত হওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছিলেন সারওয়ার আলম। ওই ঘটনাকে অসদাচরণ হিসেবে বিবেচনা করে ২০২২ সালের মে মাসে তৎকালীন সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে তাকে ‘তিরস্কার’ শাস্তি প্রদান করে।
সাম্প্রতিক আদেশের মাধ্যমে তাকে সিলেট জেলা প্রশাসকের দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হলো। প্রশাসনিক এ সিদ্ধান্ত নিয়ে সংশ্লিষ্ট মহলে নানা আলোচনা শুরু হয়েছে।

