জনপ্রিয় সংগীতশিল্পী শেখ সাদী জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। পারিবারিকভাবে বাগদান সম্পন্ন করেছেন এই তরুণ গায়ক। বাগদানের খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে— কে হচ্ছেন তার হবু স্ত্রী?
জানা গেছে, শেখ সাদীর হবু স্ত্রীর নাম সুরাইয়া আফরোজ। তিনি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন। দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, শেখ সাদীর বাবা-মা বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তারাই পুত্রবধূ হিসেবে সুরাইয়া আফরোজকে পছন্দ করেন। পরে পরিবারের সিদ্ধান্তে সম্মতি দেন গায়কও।
কিছুদিন আগে রাজধানীর শাহজাদপুরে কনের বাসায় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে তাদের আংটিবদল সম্পন্ন হয়। তবে এই আয়োজন পূর্বপরিকল্পিত ছিল না বলে জানিয়েছেন শেখ সাদী।
ডিজিটাল প্ল্যাটফর্ম ও ইউটিউবের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া শেখ সাদী বাংলা গানের শ্রোতাদের কাছে পরিচিত একটি নাম। তার গাওয়া ‘ললনা’ গানটি ব্যাপক সাড়া ফেলে এবং তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়।
সংগীত ক্যারিয়ারে সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন তিনি। তবে এবার বিয়ের খবরই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
এদিকে বিয়ের প্রস্তুতির মধ্যেও নতুন গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন শেখ সাদী। শিগগিরই তার নতুন কিছু গান প্রকাশের কথা রয়েছে।

