মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

নেত্রকোণায় মোটরসাইকেলের ইঞ্জিনে লুকানো ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণায় বিশেষ কায়দায় মোটরসাইকেলের ইঞ্জিনে করে ইয়াবা পাচারকালে মাদক কারবারি দুইজনকে গ্রেপ্তার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম।

গ্রেপ্তার হওয়া ব্যাক্তিরা হলেন – নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের চিরাম গ্রামের মো: সোহেল মিয়া (৩৬) ও একই গ্রামের মো: সজীব (২৪)।

আজ মঙ্গলবার (২৩জুন) বিকাল পৌনে ৫টার সময় নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায় – আজ মঙ্গলবার সকাল ১০টা ১০মিনিট থেকে ১২টা ১০মিনিটের মধ্যে নেত্রকোণা সদর থানাধীন চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকাস্থ সুজন বর্মন নামক ব্যক্তির “মা মোটরসাইকেল সার্ভিসিং” নামক দোকানের দক্ষিণ পাশে নেত্রকোণা -ময়মনসিংহগামী পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হকের নেতৃত্বে একটি রেইডিং টিম উল্লেখিত ঘটনাস্হল থেকে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশিকালে ৭হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়। সেই সঙ্গে মোটরসাইকেলটি ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
ইয়াবা সহ জব্দ করা আলামতের অবৈধ বাজার মূল্য আনুমানিক একত্রিশ লাখ চল্লিশ হাজার পাঁচশত টাকা।

আরও জানা যায় – গ্রেপ্তার হওয়া আসামীদের বিরুদ্ধে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আল-আমিন বাদী হয়ে নেত্রকোণা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক বলেন – নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের বিরুদ্ধে সর্বদা সোচ্চার এবং জিরো টলারেন্স নীতিতে অঙ্গীকারাবদ্ধ।
মাদকমুক্ত জীবনই পারে একটি সুন্দর ও সুস্থ সমাজ গড়তে। “মাদক কে না বলি, সুন্দর জীবন গড়ি”। আপনার এলাকার মাদক ব্যবসায়ীর যেকোন তথ্য দিয়ে সহযোগীতা করবেন। গোপনীয়তা রক্ষা করে কাজ করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন