ভেনেজুয়েলায় সম্প্রতি আঘাত হানা ভূমিকম্পের ব্যাপক ধংসযজ্ঞ থেকে ফুটবল জগতও রেহাই পায়নি। এই ভূমিকম্পে দেশটির অনূর্ধ্ব-২০ জাতীয় দলের মিডফিল্ডার ইয়িমভার্ট বেরোরতেরানের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। গত বুধবার (২৪ জুন) দেশটির উত্তরাঞ্চলে আঘাত হানা দুটি ভূমিকম্পের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এই দুর্যোগে এখন পর্যন্ত প্রায় ৯২০ জন নিহত এবং প্রায় ৩,০০০ জন আহত হয়েছেন।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী এই খেলোয়াড় ছিলেন জাতীয় যুব দলের অন্যতম প্রতিশ্রুতিশীল প্রতিভা। ক্লাব পর্যায়ে ইউনিভার্সিদাদ সেন্ট্রাল দে ভেনেজুয়েলা দলের হয়ে তার অভিষেক হয়েছিল এবং মাত্র তিনটি প্রথম বিভাগের ম্যাচ খেলেছিলেন। পেশাদার দলে নিজেকে মানিয়ে নেওয়ার প্রক্রিয়ার মাঝেই প্রাণ হারাতে হলো তাকে।
ভেনেজুয়েলা ফুটবল ফেডারেশন (এফভিএফ) এক বিবৃতিতে তার মৃত্যু নিশ্চিত করে জানায়, ‘আজ ভেনেজুয়েলার ফুটবল গভীর শোকের সঙ্গে এমন এক তরুণকে বিদায় জানাচ্ছে, যিনি গর্ব, নিষ্ঠা ও ভালোবাসার সঙ্গে দেশের জার্সি প্রতিনিধিত্ব করেছেন। তার চলে যাওয়া ভিনোটিন্টো পরিবারের জন্য গভীর বেদনার এবং যারা মাঠে ও মাঠের বাইরে তার সঙ্গে সময় কাটিয়েছেন, সবার মনে অমোচনীয় দাগ রেখে গেছে।’
তারা আরও জানায়, ‘এই গভীর শোকের সময়ে আমরা তার পরিবার, বন্ধু, সতীর্থ, কোচিং স্টাফ এবং প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ইয়িমভার্ট, তোমার আলো ভিনোটিন্টোর প্রতিটি হৃদস্পন্দনে জ্বলতে থাকবে। শান্তিতে বিশ্রাম নাও।’
ক্লাব ইউভিসি এফসিও শোক প্রকাশ করে বলে, ‘তুমি ছিলে এক যোদ্ধা, ইয়িমভার্ট। তুমি সবসময় স্মরণীয় হয়ে থাকবে। তোমার আত্মা শান্তিতে থাকুক।’

