রাজধানীর বনানী থানাধীন টিবি গেইট এলাকায় ঋণের টাকা পরিশোধকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৩ সদস্য ছুরিকাহত হয়েছেন বলে অভিযোগ এসেছে। শনিবার (২৭ জুন) ভোরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সুমন মিয়া (৪৫), তার স্ত্রী সোনিয়া (৩৮) এবং সোনিয়ার ভাই রাসেল (৪০)। তাঁরা মহাখালী টি অ্যান্ড টি কলোনির বাসিন্দা।
জানা গেছে, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে মহাখালী টিবি গেইটে শিশু মেলা স্কুলের কাছে আরিফের সঙ্গে সুমনের দেখা করার কথা ছিল।
সুমন তার স্ত্রী ও শ্যালক রাসেলকে নিয়ে সেখানে উপস্থিত হন। এ সময় আরিফ ৭-৮ জন লোক নিয়ে সেখানে আসেন। একপর্যায়ে ঋণের টাকা পরিশোধ নিয়ে আরিফ ও সুমনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
পরে আরিফ ও তাঁর লোকজন সুমন, সোনিয়া এবং রাসেলকে মারধর এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তিনজনই আহত হন।
চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) জানে আলম হামলার ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলাকারীরা ঘটনার পর পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

