রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

অভিনেত্রীর ফ্ল্যাটে ব্যবসায়ীর মরদেহ, আত্মহত্যা নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ

ডেস্ক রিপোর্ট।।

ভারতের বেঙ্গালুরুর রাজারাজেশ্বরী নগরে কন্নড় অভিনেত্রী কৃষি থাপান্ডার ফ্ল্যাট থেকে বৈশাখ উপাধ্যায় (৪৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে শোবিজ অঙ্গন ও স্থানীয় মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বৈশাখ উপাধ্যায় অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং কয়েকদিন ধরে ওই ফ্ল্যাটে অবস্থান করছিলেন। বুধবার রাতে ফ্ল্যাটে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনার সময় কৃষি থাপান্ডা ফ্ল্যাটে উপস্থিত ছিলেন না।

জানা গেছে, মৃত্যুর আগে বৈশাখ ফোন ও বার্তার মাধ্যমে অভিনেত্রীকে নিজের চরম সিদ্ধান্তের ইঙ্গিত দেন। বিষয়টি জানতে পেরে কৃষি দ্রুত ফ্ল্যাটে ফিরে আসেন। সেখানে পৌঁছে তিনি বৈশাখকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে ফ্ল্যাটের মালিককে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক তদন্তে আত্মহত্যার আলামত মিললেও ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈশাখ দীর্ঘদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন। পারিবারিক কলহের কারণে প্রায় এক মাস ধরে তিনি স্ত্রীর থেকে আলাদা থাকছিলেন বলেও জানা গেছে।

এ ছাড়া ব্যবসায়ী ও আইনজীবী অরবিন্দ রেড্ডিকে ঘিরে আলোচিত একটি চাঁদাবাজির মামলার তদন্তেও বৈশাখের নাম উঠে এসেছিল। তবে তার মৃত্যুর সঙ্গে ওই ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনই নিশ্চিত করেনি পুলিশ।

এদিকে ঘটনাস্থলে অভিনেত্রীকে মরদেহের কাছে যেতে না দেওয়া এবং সেখানে উপস্থিত কয়েকজনের সঙ্গে বাকবিতণ্ডার খবরও প্রকাশ্যে এসেছে। তবে এ বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

রাজারাজেশ্বরী নগর থানার পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদনসহ সব তথ্য-প্রমাণ পর্যালোচনা করে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা হবে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন