দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন (টুরিস্ট) ভিসা চালু করেছে ভারত। রোববার (২৮ জুন) থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) টুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু করেছে।
২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণে ভারত বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা স্থগিত করেছিল। দীর্ঘ বিরতির পর এই সেবা পুনরায় চালু হওয়ায় ভারতে ভ্রমণে আগ্রহী বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে।
ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সম্প্রতি জানান, পর্যটন ভিসার পাশাপাশি মানবিক বিবেচনায় মেডিকেল ভিসা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব আইভ্যাক কেন্দ্রে ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক করা হবে বলেও তিনি জানান।
ভারতীয় টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে হলে প্রথমে ভারতের অনলাইন ভিসা পোর্টালে গিয়ে নিয়মিত ভিসা আবেদন (Regular Visa Application) অপশন নির্বাচন করতে হবে। এরপর দেশ হিসেবে বাংলাদেশ এবং ভিসার ধরন হিসেবে টুরিস্ট ভিসা বেছে নিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন সম্পন্ন হলে পাওয়া অ্যাপ্লিকেশন আইডি বা ওয়েব ফাইল নম্বর সংরক্ষণ করতে হবে এবং আবেদনপত্র প্রিন্ট করে স্বাক্ষর করতে হবে।
আবেদনের জন্য কমপক্ষে ছয় মাস মেয়াদসম্পন্ন পাসপোর্ট, পুরোনো পাসপোর্ট (যদি থাকে), সাম্প্রতিক রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের কপি, বর্তমান ঠিকানার প্রমাণ এবং পেশাভিত্তিক প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। এছাড়া গত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট অথবা পাসপোর্টে ন্যূনতম ১৫০ মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্ট কিংবা আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের কপির মাধ্যমে আর্থিক সক্ষমতার প্রমাণ দেখাতে হবে।
অনলাইন আবেদন শেষে আইভ্যাকের নির্ধারিত পেমেন্ট পোর্টালে ফি পরিশোধ করে ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। প্রতিদিনের অ্যাপয়েন্টমেন্ট স্লট আগের দিন সন্ধ্যা ৬টায় উন্মুক্ত হয়। তবে আবেদনকারীকে বিকেল সাড়ে ৫টার মধ্যে সাইন-আপ সম্পন্ন করতে হবে।
নির্ধারিত দিনে প্রিন্ট করা আবেদনপত্র, পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট আইভ্যাক কেন্দ্রে উপস্থিত হতে হবে। সেখানে নথিপত্র যাচাই শেষে আবেদনকারীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হবে এবং একটি রসিদ দেওয়া হবে। পরে এই রসিদের নম্বর ব্যবহার করে অনলাইনে আবেদনের অগ্রগতি জানা যাবে।
সাধারণত আবেদন জমা দেওয়ার পর ভিসা প্রক্রিয়া সম্পন্ন হতে ন্যূনতম তিন কার্যদিবস সময় লাগে। তবে নথিপত্র যাচাই বা বিশেষ পরিস্থিতিতে এ সময় আরও বাড়তে পারে। ভিসা প্রস্তুত হলে আবেদনকারীকে এসএমএসের মাধ্যমে জানানো হবে এবং নির্ধারিত সময়ে আইভ্যাক কেন্দ্র থেকে পাসপোর্ট সংগ্রহ করা যাবে।
ভারতীয় কর্তৃপক্ষ আবেদনকারীদের অনলাইনে আবেদন জমা দেওয়ার আগে নাম, জন্মতারিখ, পাসপোর্ট নম্বরসহ সব তথ্য ভালোভাবে যাচাই করার পরামর্শ দিয়েছে। কারণ আবেদন জমা দেওয়ার পর তথ্য সংশোধনের সুযোগ থাকে না।

