মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

৭২ ঘণ্টার গোল্ডেন টাইম শেষ, ধ্বং*সস্তূপে জীবিত উদ্ধারের আশা কতটা

ডেস্ক রিপোর্ট।।

ভয়াবহ জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় উদ্ধার অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচিত ৭২ ঘণ্টা শেষ হয়েছে। তবে এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারী দলগুলো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও জীবিতদের খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্প বা ভবনধসের মতো দুর্যোগে ধ্বংসস্তূপে আটকে পড়া ব্যক্তিদের প্রথম ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার করা গেলে বেঁচে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এরপর সময় যত গড়ায়, বিশেষ করে খাবার ও পানির অভাবে জীবিত থাকার সম্ভাবনা কমতে থাকে। তবে গবেষণায় দেখা গেছে, অনুকূল পরিস্থিতিতে দুর্ঘটনার পাঁচ থেকে ছয় দিন, এমনকি তারও পরে জীবিত উদ্ধার হওয়ার ঘটনাও রয়েছে।

মেক্সিকোর উদ্ধারকারী দলের সদস্য ডেভিড ইমানুয়েল ভিয়া জানিয়েছেন, ভেনেজুয়েলার পরিস্থিতি অত্যন্ত জটিল। তার ভাষ্য, পরপর দুটি শক্তিশালী ও অগভীর ভূমিকম্পে অসংখ্য বহুতল ভবন ধসে পড়েছে। ভবনগুলোর ধ্বংসস্তূপের ধরন এমন যে, ভেতরে আটকে থাকা মানুষকে জীবিত অবস্থায় উদ্ধারের সম্ভাবনা কমে গেছে।

তবে তিনি আশা হারাতে নারাজ। অতীতে একই ধরনের এক অভিযানে তারা ১০ দিন পরও একজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছিলেন বলে জানান তিনি।

এদিকে আন্তর্জাতিক রেডক্রসের আমেরিকা অঞ্চলের আঞ্চলিক পরিচালক লয়েস পেস বলেছেন, একের পর এক আফটারশক বা পরাঘাত উদ্ধার কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করছে। ছোট ছোট ভূমিকম্পের কারণে ধ্বংসস্তূপ আরও অস্থিতিশীল হয়ে পড়ছে, যা উদ্ধারকর্মীদের জন্য যেমন ঝুঁকি বাড়াচ্ছে, তেমনি আটকে থাকা ব্যক্তিদের জীবিত উদ্ধারের সম্ভাবনাও কমিয়ে দিচ্ছে।

তিনি জানান, ভেনেজুয়ায় কর্মরত উদ্ধারকারী দলগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগে তারা প্রায় প্রতিবারই নতুন আফটারশকের খবর পাচ্ছেন। ফলে উদ্ধারকর্মীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে অভিযান চালাতে হচ্ছে, যা উদ্ধার কার্যক্রমকে আরও ধীর করে তুলছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন