আগস্ট মাসের শেষ নাগাদ পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, দীর্ঘদিনের পরিকল্পনা, নির্মাণ ও প্রস্তুতিমূলক কার্যক্রম শেষে প্রকল্পটি এখন চূড়ান্ত কমিশনিং ও স্টার্টআপ পর্যায়ে রয়েছে। বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে প্রয়োজনীয় সব কারিগরি ও নিরাপত্তা যাচাই সম্পন্ন করা হচ্ছে।
মন্ত্রী বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর আগের ধাপটি অত্যন্ত জটিল ও সংবেদনশীল। তাই আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে সব ধরনের পরীক্ষা সফলভাবে শেষ হওয়ার পরই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হবে।
তিনি আরও জানান, পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের আগস্টের শেষ দিকে কেন্দ্রটি থেকে প্রথমবারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হবে। প্রাথমিকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ফকির মাহবুব আনাম বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে এটি বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন খাতে নতুন যুগের সূচনা করবে এবং ভবিষ্যতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

