বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসির আজকের সফল অবস্থানের পেছনে লুকিয়ে আছে দীর্ঘ সংগ্রাম আর কঠোর পরিশ্রমের গল্প। মাত্র ১৬ বছর বয়সে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেওয়া এই অভিনেতা একসময় মুম্বইয়ের একটি কফিশপে টেবিল পরিষ্কার করার কাজও করেছেন।
সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের জীবনের কঠিন সময়ের স্মৃতিচারণ করে বিক্রান্ত বলেন, মধ্যবিত্ত পরিবারে জন্ম হওয়ায় ছোটবেলা থেকেই সংসারের আর্থিক সংকট তাকে ভাবিয়ে তুলেছিল। তাই কৈশোরেই উপার্জনের পথে নামতে হয়। পরিবারের ভবিষ্যৎ নিরাপদ করাই ছিল তার একমাত্র লক্ষ্য।
অভিনেতা জানান, তার মায়ের দীর্ঘদিনের স্বপ্ন ছিল নিজের একটি বাড়ি। সেই স্বপ্ন তিনি মাত্র ২৪ বছর বয়সেই পূরণ করতে সক্ষম হন। বিক্রান্ত বলেন, ‘মা সবসময় বলতেন, জীবনে নিজের একটা বাড়ি থাকা সবচেয়ে বড় নিরাপত্তা। তার সেই ইচ্ছা পূরণ করতে পারা আমার জীবনের অন্যতম বড় অর্জন।’
সংগ্রামের দিনগুলোর কথা বলতে গিয়ে তিনি জানান, যে বয়সে সমবয়সীরা খেলাধুলা ও আড্ডায় ব্যস্ত থাকত, সে সময় তাকে কাজ করতে হতো। অনেক সময় বন্ধুদের ডাকে সাড়া দেওয়ার সুযোগও পেতেন না। তবে সেই কঠিন অভিজ্ঞতাই তাকে জীবনের প্রতি আরও দায়িত্বশীল ও দৃঢ় করে তুলেছে।
বিক্রান্ত আরও বলেন, একসময় কলেজের ফি জোগাড় করাও ছিল বড় চ্যালেঞ্জ। আর এখন তিনি নিজের ছেলেকে দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ানোর স্বপ্ন দেখেন। তবে সাফল্যের শিখরে পৌঁছেও অতীতের সংগ্রাম তিনি কখনো ভুলে যাননি। তার ভাষায়, জীবনের পথচলার দিকে ফিরে তাকালে এখনও অনেক কিছু অবিশ্বাস্য মনে হয়।
বর্তমানে বলিউডের প্রতিষ্ঠিত অভিনেতাদের একজন বিক্রান্ত ম্যাসি। তবে তার মতে, জীবনের সবচেয়ে বড় অর্জন শুধু খ্যাতি বা সম্পদ নয়, বরং পরিবারের স্বপ্ন পূরণ করতে পারাই।

