মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

বাংলাদেশের সঙ্গে তিস্তা সহযোগিতার বিষয়ে ভারতের উদ্বেগের ‘জবাব’ দিলো চীন

ডেস্ক রিপোর্ট।।

তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে (টিআরসিএমআরপি) বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন। বাংলাদেশ-চীন সহযোগিতা তৃতীয় পক্ষের প্রভাবমুক্ত হওয়া উচিত বলেও মন্তব্য করেছে বেইজিং।
তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্পে বাংলাদেশ-চীন সহযোগিতা নিয়ে ভারতের উদ্বেগের প্রেক্ষাপটে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বেইজিং। চীন বলেছে, বাংলাদেশের সঙ্গে তাদের সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় এবং এ ধরনের সহযোগিতা বাইরের প্রভাবমুক্ত থাকা উচিত।

বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট একটি জনকল্যাণমূলক প্রকল্প। এ প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে চীন প্রস্তুত।

তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন কৌশলের সঙ্গে সমন্বয় জোরদার করতে চায় বেইজিং। পাশাপাশি বাণিজ্য, পানি সম্পদ ব্যবস্থাপনা এবং জনকল্যাণমূলক বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণেও আগ্রহী চীন।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, তিস্তা অববাহিকার অবস্থান ভারতের উত্তর-পূর্বাঞ্চল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডরের (চিকেনস নেক) কাছাকাছি হওয়ায় ঢাকা-বেইজিংয়ের এই যৌথ উদ্যোগ নিয়ে নয়াদিল্লির উদ্বেগ রয়েছে। ভারতের আশঙ্কা, ওই এলাকায় চীনের উপস্থিতি বাড়লে নিরাপত্তা ও উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগে কৌশলগত প্রভাব পড়তে পারে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, তিস্তা প্রকল্প নিয়ে দুই দেশের বিশেষজ্ঞরা প্রথমবারের মতো যৌথ কারিগরি সম্ভাব্যতা যাচাই পরিচালনা করবেন। তার ভাষ্য, সম্ভাব্যতা যাচাই প্রতিবেদনের ভিত্তিতে প্রকল্পের যৌক্তিকতা মূল্যায়ন করা হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা দিতে সম্মত হয়েছে চীন।

সম্প্রতি বাংলাদেশ ও চীন তিস্তা নদীসহ দেশের নদী ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। ফলে প্রকল্পটির অগ্রগতি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভূরাজনীতিতেও বিশেষ গুরুত্ব পাচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন