মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

পানি ইস্যুতে ভারতকে কড়া বার্তা পাকিস্তানের

ডেস্ক রিপোর্ট।।

সিন্ধু নদীর পানি বণ্টন নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী পাকিস্তানের প্রাপ্য পানির প্রবাহে বাধা দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না বলে কঠোর বার্তা দিয়েছে ইসলামাবাদ। একই সঙ্গে ভারত পানিকে রাজনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেছে দেশটি।

মঙ্গলবার (৩০ জুন) এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের জলবায়ু পরিবর্তনমন্ত্রী মুসাদিক মালিক বলেন, পাকিস্তানের পানির অধিকার খর্বের যেকোনো প্রচেষ্টার উপযুক্ত জবাব দেওয়া হবে। তিনি দাবি করেন, ভারতের পক্ষ থেকে পাকিস্তানে পানি প্রবাহ বন্ধের যে বক্তব্য দেওয়া হচ্ছে, তা শুধু দ্বিপক্ষীয় সম্পর্ক নয়, আন্তর্জাতিক চুক্তিরও লঙ্ঘন।

পাকিস্তানের এই প্রতিক্রিয়া এসেছে ভারতের পানিসম্পদমন্ত্রী সি. আর. পাতিলের সাম্প্রতিক মন্তব্যের পর। তিনি বলেছিলেন, কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্তের ধারাবাহিকতায় পাকিস্তানে নদীর পানি প্রবাহ বন্ধে কাজ করছে ভারত।

ইসলামাবাদের দাবি, সিন্ধু অববাহিকার নদীগুলোর পানি দেশটির কৃষি, সুপেয় পানি সরবরাহ এবং জলবিদ্যুৎ উৎপাদনের প্রধান ভিত্তি। দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠীর জীবিকা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই পানির ওপর নির্ভরশীল। ফলে পানির প্রবাহ ব্যাহত হলে খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান ও অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে।

বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তির আওতায় ছয়টি আন্তঃসীমান্ত নদীর পানি ভারত ও পাকিস্তানের মধ্যে ভাগ করা হয়। চুক্তি অনুযায়ী পশ্চিমাঞ্চলের সিন্ধু, ঝিলাম ও চেনাব নদীর পানি ব্যবহারের অধিকার পাকিস্তানের, আর পূর্বাঞ্চলের রাভি, বিয়াস ও শতদ্রু নদীর পানি ব্যবহারের অধিকার ভারতের।

এদিকে, পানি ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন আদায়ের লক্ষ্যে ইসলামাবাদে সিন্ধু পানি চুক্তি নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে পাকিস্তান। সেখানে আন্তর্জাতিক আইন, পানি ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বিশেষজ্ঞরা চুক্তির ভবিষ্যৎ এবং সম্ভাব্য সংকট মোকাবিলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন