বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ সমর্থন করে না চীন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। একইসঙ্গে তিনি বলেছেন, বাংলাদেশের অনুরোধের ভিত্তিতেই তিস্তা প্রকল্পে সহযোগিতা করছে বেইজিং এবং এ বিষয়ে অন্য কোনো পক্ষের অবস্থান চীনের বিবেচ্য নয়।
বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকায় এক সংবাদ সম্মেলনে ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ বিষয়ে চীনের অবস্থান বরাবরই স্পষ্ট। এসব বিষয়ে বাইরের কোনো হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।
তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প নিয়ে তিনি বলেন, বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বলেই চীন প্রকল্পটিতে কাজ করতে আগ্রহী। এটি বাংলাদেশ ও চীনের পারস্পরিক সহযোগিতার অংশ এবং অন্য কোনো ইস্যুর সঙ্গে এর সম্পর্ক নেই।
রাষ্ট্রদূত আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এ সফরের মাধ্যমে কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার হয়েছে এবং বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের পথ তৈরি হয়েছে।
তিনি বলেন, তিস্তা প্রকল্পসহ বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে চীনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়ন, প্রযুক্তি বিনিময় ও দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রেও বাংলাদেশকে সহযোগিতা দিতে চীন প্রতিশ্রুতিবদ্ধ

