দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারে খাঁটি (পিওর) স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে সারা দেশের জুয়েলারি দোকানগুলোতে কার্যকর হয়েছে।
বাজুস জানায়, বৃহস্পতিবার সকাল ৯টায় স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
এছাড়া ২১ ক্যারেট হলমার্ক স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ১৪ হাজার ৮৯৩ টাকায়। ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৫ টাকা।
অন্যদিকে, সনাতন পদ্ধতির স্বর্ণালংকারের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৭৬ টাকা।
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।

