ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোকে কঠোর নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ডেঙ্গু আক্রান্ত কোনো রোগী সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তাকে হাসপাতাল থেকে ছাড় দেওয়া যাবে না।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্যাথলজি বিভাগের জন্য একটি অত্যাধুনিক মাইক্রোস্কোপ হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসায় প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সরকারের রয়েছে। হাসপাতালগুলোতে পর্যাপ্ত ডেঙ্গু পরীক্ষার কিট, ওষুধ এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জাম মজুত রাখা হয়েছে। রোগীদের চিকিৎসায় কোনো ধরনের ঘাটতি হবে না বলেও আশ্বাস দেন তিনি।
তিনি জানান, ডেঙ্গুর সংক্রমণ বাড়লে উপজেলা পর্যায়েও সমন্বিতভাবে চিকিৎসাসেবা জোরদার করা হবে। প্রয়োজন হলে দেশের বিভিন্ন এলাকায় মোবাইল হাসপাতাল চালু করে আক্রান্তদের চিকিৎসা দেওয়া হবে।
চলতি বছর ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, জুন মাসেই সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে, যা মোট আক্রান্তের প্রায় অর্ধেক। বিশেষজ্ঞদের আশঙ্কা, বর্ষা মৌসুমে এ সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে ক্যানসার শনাক্তকরণ আরও নির্ভুল করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে একটি অত্যাধুনিক মাইক্রোস্কোপ যুক্ত করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, নতুন এই প্রযুক্তি ক্যানসার দ্রুত ও নিখুঁতভাবে শনাক্তে চিকিৎসকদের সহায়তা করবে।
অনুষ্ঠানে তিনি আরও জানান, আগামী ১০ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করবেন।

