মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় যেতে পারে: ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য বাণিজ্য চুক্তি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। তার মতে, এ উদ্যোগ দুই দেশের জন্যই নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করবে এবং পারস্পরিক সহযোগিতার নতুন অধ্যায়ের সূচনা করবে।

শনিবার (৪ জুলাই) রাজধানীর একটি হোটেলে যুক্তরাষ্ট্রের ২০৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে অ্যামেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচ্যাম) আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, প্রস্তাবিত বাণিজ্য চুক্তির উদ্দেশ্য হলো একটি আধুনিক, ভারসাম্যপূর্ণ এবং উভয় দেশের জন্য লাভজনক বাণিজ্য কাঠামো গড়ে তোলা। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এমন একটি প্রকৃত অংশীদারত্ব চায়, যা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র—উভয় দেশের অর্থনীতি এবং ব্যবসায়িক খাতের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ। তিনি জানান, বর্তমান সরকার বেসরকারি খাতনির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দিচ্ছে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি ও দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, শক্তিশালী অর্থনৈতিক অংশীদারত্ব গড়ে তুলতে সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণেও গুরুত্ব দিচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন