ডেস্ক রিপোর্ট।।
কানে মাঝে মধ্যে চুলকানি হওয়া স্বাভাবিক মনে হলেও, এটি বারবার দেখা দিলে তা অবহেলা করা উচিত নয়। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরে কানে চুলকানি থাকলে তা ছত্রাকজনিত সংক্রমণ, অ্যালার্জি বা অন্য কোনো কানের সমস্যার লক্ষণ হতে পারে।
চিকিৎসকদের তথ্য অনুযায়ী, কানের ছত্রাকজনিত সংক্রমণের বেশিরভাগ ক্ষেত্রে অ্যাসপারজিলাস নাইজার নামের ছত্রাক দায়ী। এছাড়া ক্যান্ডিডা অ্যালবিকানস, ডারমাটোফাইট ও অ্যাকটিনোমাইসেসসহ আরও কিছু ছত্রাকের কারণেও এ সমস্যা হতে পারে।
বিশেষজ্ঞরা জানান, অনেকেই কানের ময়লা পরিষ্কার করতে কটন বাড, সেফটিপিন, কাঠি বা অন্য ধারালো বস্তু ব্যবহার করেন। এতে কানের ভেতরের কোমল ত্বক ক্ষতিগ্রস্ত হয়ে সংক্রমণের ঝুঁকি বাড়ে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া এ ধরনের বস্তু দিয়ে কান পরিষ্কার করা উচিত নয়।
এছাড়া কানের সংক্রমণ, খাদ্যজনিত অ্যালার্জি কিংবা অতিরিক্ত শুষ্ক ত্বকের কারণেও কানে চুলকানি হতে পারে। যদি চুলকানির সঙ্গে ব্যথা, দুর্গন্ধযুক্ত স্রাব, কান বন্ধ লাগা, শ্রবণশক্তি কমে যাওয়া বা জ্বরের মতো উপসর্গ দেখা দেয়, তাহলে দ্রুত নাক-কান-গলা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন।
হালকা শুষ্কতার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে উপযুক্ত ইয়ার ড্রপ বা ময়েশ্চারাইজিং তেল ব্যবহার করা যেতে পারে। তবে ছত্রাকজনিত সংক্রমণ হলে নিজে থেকে ওষুধ ব্যবহার না করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিফাঙ্গাল ওষুধ গ্রহণ করাই নিরাপদ।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, কানের যেকোনো অস্বাভাবিক উপসর্গ দীর্ঘদিন স্থায়ী হলে বা বারবার ফিরে এলে তা অবহেলা না করে দ্রুত চিকিৎসা নেওয়াই জটিলতা এড়ানোর সবচেয়ে কার্যকর উপায়।

