বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ নেওয়া হয়েছে

ডেস্ক রিপোর্ট।।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সরকার। এর অংশ হিসেবে ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ এবং ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালন করা হবে।

রোববার (৫ জুলাই) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির ঘোষণা দেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

তিনি জানান, ১৬ জুলাই সংঘটিত দুটি আলোচিত হত্যাকাণ্ডের পর আন্দোলন দেশজুড়ে নতুন গতি পায় এবং আন্তর্জাতিক পর্যায়েও ব্যাপক গুরুত্ব লাভ করে। সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। একই দিনে কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের স্মরণে আরেকটি স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

সরকারি কর্মসূচি অনুযায়ী, আগামী ৫ আগস্ট রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’-এর কেন্দ্রীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। এছাড়া ভোরে শাহবাগে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে এবং আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হবে।

এদিকে ১৫ জুলাই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা স্মরণে ‘ক্যাম্পাসের ক্ষতচিহ্ন’ বা ‘প্রতিরোধের সূচনা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। ১৮ জুলাই ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে’ উপলক্ষে আর্মি স্টেডিয়ামে প্রতিবাদী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া ২৪ জুলাই রাজধানীর যাত্রাবাড়ীতে ছাত্র-জনতা ও সাধারণ মানুষের ঐতিহাসিক প্রতিরোধের স্মরণে বিশেষ সমাবেশ অনুষ্ঠিত হবে।

প্রতিমন্ত্রী বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে স্মরণসভা, আলোচনা, সমাবেশ ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে পুরো আগস্টজুড়ে গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে। শহীদদের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি দেওয়া এবং ইতিহাস সংরক্ষণই এসব কর্মসূচির মূল উদ্দেশ্য বলে জানান তিনি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন