ডেস্ক রিপোর্ট।।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জনসংহতি সমিতির (জেএসএস) সদস্যদের মধ্যে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন।
সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবদমান দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
তিনি বলেন, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধারে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকায় অবস্থান করছেন।
এ ঘটনায় বিস্তারিত তথ্য সংগ্রহ এবং নিহতদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

