তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপসহ কিছু বিষয়ে পরিবর্তন করে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর অংশবিশেষ বাতিলে হাইকোর্টের ঘোষিত রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানি মুলতবি হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) পর্যন্ত এ মামলার পরবর্তী শুনানি মুলতবি করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এদিন শুনানিতে অংশ নিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী শরীফ ভূঁইয়া ও শিশির মনির।
শুনানি শেষে আইনজীবী শরীফ ভূঁইয়া বলেন, এটি দেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা। এর সঙ্গে দেশের নির্বাচন ব্যবস্থা জড়িত। আমি বারবার বলেছি যে, পঞ্চদশ সংশোধনী শুধুমাত্র একটি সংশোধনী ছিল না, এটি সংবিধানকে পুনর্লিখন করার মতো একটি বিষয় ছিল, যার মাধ্যমে সংবিধানের মৌলিক চরিত্র পরিবর্তন করা হয়েছে। তাই, আদালত কর্তৃক এই সংশোধনীটি বাতিল করা প্রয়োজন ছিল। যেন ভবিষ্যতে এ ধরনের জনবিরোধী কোনো সংবিধান সংশোধনী আর না হয়। সংসদ যেন সংশোধনীর বিষয়ে সবসময় সতর্ক থাকে।

